Published : 15 Oct 2026, 09:51 AM
Updated : 15 Oct 2026, 09:51 AM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস নামের এক ভারতীয়কে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয় বলে রাতে ডিএনসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
৪০ বছর বয়সি অভিজিৎ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা।
ডিএনসি বলছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) শাহজালাল বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।
এ সময় ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটের যাত্রী অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে তিনটি ভারতীয় শাড়ির নিচে কৌশলে লুকানো অবস্থায় এই কুশ জব্দ করা হয়।
মাদকের পাশাপাশি তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন এবং একটি বোর্ডিং পাস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ডিএনসি বলেছে, গ্রেপ্তার অভিজিৎ দাস ভারতের বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন কুলি। একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র ‘ভিসা ফ্রি’ সুবিধার সুযোগ নিয়ে ভারতের নিম্নআয়ের মানুষদের কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়।
এরপর তাদের মাধ্যমে শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে চালান করা হচ্ছিল। চক্রটি দেশে গাঁজাজাতীয় অপ্রচলিত এই মাদকের এক নতুন বাজার তৈরির অপচেষ্টা চালিয়ে আসছে।
অভিজিতের পরিকল্পনা ছিল বাংলাদেশে দুই-তিন দিন অবস্থান করে মাদকের চালানটি হস্তান্তর শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়া।
এ ঘটনায় ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:
