যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন এবং সামরিক সক্ষমতা বাড়াতে নতুন সমঝোতায় পৌঁছেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় চার দেশের মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতার নাম দেওয়া হয়েছে ‘বদর’ সমঝোতা স্মারক।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চার দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং কৌশলগত অংশীদারত্ব জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য। সামরিক উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নেও সহযোগিতা করবে দেশগুলো।
সমঝোতার আওতায় অংশগ্রহণকারী দেশগুলোর নিজস্ব প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে সামরিক সরঞ্জাম উৎপাদনে সমন্বয় বাড়ানো এবং মিত্র ও বন্ধুরাষ্ট্রগুলোর চাহিদা পূরণে সক্ষমতা জোরদারের পরিকল্পনা রয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বলেছে, চুক্তিটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। চার দেশের বিদ্যমান সক্ষমতাকে একত্র করার মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তুরস্ক দীর্ঘদিন ধরেই কাতারের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে। উপসাগরীয় দেশটিতে তুরস্কের সামরিক ঘাঁটিও রয়েছে। ন্যাটোর সদস্য তুরস্কের সঙ্গে পাকিস্তানেরও প্রতিরক্ষা ও সামরিক শিল্পে সহযোগিতার সম্পর্ক রয়েছে।
এর আগে গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। ওই চুক্তিতে তিন দেশের সম্মিলিত নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়।
‘বদর’ সমঝোতা চার দেশের মধ্যে সামরিক শিল্প, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক সহযোগিতাকে নতুন মাত্রা দেবে বলে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।সূত্র: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়, আল জাজিরা
