জামালপুরের দেওয়ানগঞ্জে নকল ব্র্যান্ডের ভেজাল জুস তৈরির অপরাধে জব্দ করা আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের তৈরি জুস ও ক্ষতিকর মালামাল জনসম্মুখে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আদালতের নির্দেশে এই ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসব মালামাল ধ্বংস করা হয়। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. রহুল আমিন রিয়াদ পুরো কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মিতালী মিয়াপাড়া এলাকায় অবৈধভাবে ভেজাল ও নিম্নমানের জুস তৈরি এবং তা বাজারজাত করার অভিযোগে মো. লুৎফর রহমান লতু (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক লতু ওই গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।
অভিযান পরিচালনাকালে তাঁর বসতবাড়ি থেকে জুস তৈরির আনুষঙ্গিক সরঞ্জাম, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নকল লেবেল ও বিপুল পরিমাণ প্রস্তুতকৃত ভেজাল জুস জব্দ করা হয়।
পরবর্তীকালে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের আদেশের ভিত্তিতে জব্দকৃত সামগ্রী জনসমক্ষে ধ্বংস করা হয়। স্থানীয়রা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান ও সময়োপযোগী পদক্ষেপে খাদ্যে ভেজাল কারবারিদের অপতৎপরতা হ্রাস পাবে।
জেএইচআর
