চুলে বেলি ফুলের গাজরা, পরনে গোলাপি পাড়ের অফহোয়াইট শাড়ি, মুখজুড়ে মিষ্টি হাসি। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন, কখনো চুলের ফুল ঠিক করতে ব্যস্ত। ঐতিহ্যবাহী বাঙালি সাজে এভাবেই ভক্তদের মুগ্ধ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শারদীয় দুর্গাপূজার আবহে প্রকাশ করা তার নতুন ভিডিওটি নজর কেড়েছে অনুরাগীদের।
শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন জয়া। উৎসবের আমেজে বাঙালির চিরচেনা সাজে ধরা দিয়ে ভক্তদের জানালেন শারদীয় শুভেচ্ছা।
বিজ্ঞাপন
ভিডিওর সঙ্গে জয়া লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
ভিডিওতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে গোলাপি রঙের নকশা। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী কানের দুল ও হাতে অলংকার তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। চুলে বেলি ফুলের গাজরা যেন পুরো সাজে এনেছে বাঙালিয়ানার ছোঁয়া।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে জয়ার অভিব্যক্তিও নজরকাড়া। কখনো শাড়ির আঁচল সামলে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, কখনো মিষ্টি হাসিতে তাকাচ্ছেন লেন্সের দিকে। আবার কখনো চুলের ফুল ঠিক করতে করতে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। সব মিলিয়ে তার উপস্থিতিতে ফুটে উঠেছে উৎসবের স্নিগ্ধতা ও ঐতিহ্যবাহী সাজের সৌন্দর্য।
বিজ্ঞাপন
ভিডিওতে আবহ হিসেবে ব্যবহার করা হয়েছে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুরের সঙ্গে জয়ার সাবলীল উপস্থিতি তৈরি করেছে নস্টালজিক এক আবহ, যা ভক্তদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে।
অভিনয়ের পাশাপাশি পোশাক ও সাজসজ্জার বৈচিত্র্য দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। কখনো আধুনিক সাজে, কখনো বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে নিজের স্বতন্ত্র রুচির পরিচয় দেন তিনি। এবার শারদীয় উৎসবে তার এই স্নিগ্ধ সাজও ভক্তদের নজর কেড়েছে।
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
