কালবেলা · সাধারণ
নরসিংদীতে চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবক নিহত
২১/১০/২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচা ও চাচাতো ভাইয়ের দায়ের কোপে শাহিন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন নিহতের চাচা মোবারক হোসেন ও তার ছেলে রাব্বি (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে আওলাদ হোসেনের পরিবারের সঙ্গে তার ভাই মোবারক ও ভাতিজা রাব্বির পরিবারের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জেরে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা শাহিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আওলাদ হোসেন বলেন, ৩ দিন আগে সিজারে আমার ছেলের বউ পুত্রসন্তান জন্ম দেয়। সে তার কাজ থেকে ছুটি নিয়ে হাসপাতালে নিজের স্ত্রী ও নবজাতক সন্তানকে সময় দিয়ে আসছে। হাসপাতালের জন্য খাবার নিতে সে বাড়িতে আসলে দেখে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি চলছে। একপর্যায়ে এই ঝগড়া দেখে ফিরাতে এলে মোবারক হোসেন ও তার ছেলে রাব্বি আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে। আমার ছেলের কোনো দোষ ছিল না, আমার ছেলেকে হত্যার বিচার চাই।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখতেছি। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মূল প্রতিবেদনে যান ↗