মানিকগঞ্জের সিংগাইরে সবুজ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামে একটি কড়ইগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সবুজ ওই গ্রামের শিকিম মোল্লার ছেলে। তিনি এক সন্তানের জনক।
বিজ্ঞাপন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মোসলেমাবাদ স্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে কৃষিকাজে চকে যাওয়ার পথে স্থানীয় লোকজন আজিজের বাড়ির পাশে একটি কড়ইগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা শিকিম মোল্লা জানান, কারো সঙ্গে তার ছেলের আর্থিক লেনদেন ছিল। ওই ব্যক্তির নাম উল্লেখ না করে তিনি বলেন, সবুজ মাঝেমধ্যে বলত, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ তবে কাদের কথা বলতেন, তা তিনি জানাতে পারেননি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পরদিন ছেলের মৃত্যুর খবর পান তিনি।
এ দিকে স্থানীয় কয়েকজনের দাবি, সবুজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তার মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমএইচ
