কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার আতিকুল্লাহ সবুজ (২২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) কুমিল্লা-বরুড়া সড়কের দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটির চালক মনিরের দাবি, স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় চালক মনির নিজেই বাসটি চালাচ্ছিলেন। তিনি বাসটির মালিকও।
দুর্ঘটনার পর নিহত হেলপারের পরিবারের জন্য এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আবদুল জলিল। বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ও বাসটি থানায় নেওয়া হবে। দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিআলো/শিলি