জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। তারা যদি রাজনীতিতে আসতে চায়, তাহলে আরো কনস্ট্রাক্টিভ ওয়েতে (গঠনমূলক উপায়) চিন্তাভাবনা করতে হবে। সবচেয়ে বড় কথা জুলাইকে স্বীকার করতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগকে জুলাইয়ের ব্যাপারে ক্ষমা চাইতে হবে এবং দোষীদের সাজা হতে হবে। তারপর বাংলাদেশের মানুষ যদি ফিল করে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া বা না দেওয়া, সেটা সময় বলে দেবে।
তথ্যমন্ত্রী বলেন, ১৫ থেকে ৩৫ বছরের যে জেনারেশন, সেটি প্রায় ৫ কোটি। তারা সরাসরি আওয়ামী লীগের এই পতন বা আওয়ামী লীগের এই দেশ ছাড়ার মধ্যে, সরাসরি হোক বা ইনডাইরেক্টলি হোক তারা পার্টিসিপেট (অংশগ্রহণ) করেছে। তারা রাজপথে, ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে ছিল।
পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) আসবেন কি আসবেন না, ফিরবেন কি ফিরবেন না, এটা সময় বলে দেবে। এখনো রাজনৈতিক ওই প্রেক্ষাপট বাংলাদেশে সৃষ্টি হয়নি যেভাবে তিনি ভাবছেন। আমার ধারণা, এখনো বাংলাদেশ ২০২৪-এর যে হত্যা, ট্রমা ও অত্যাচার ওখান থেকে এখনো মানুষ বের হয়ে আসতে পারেনি। ওই জিনিসটা সাইকোলজিক্যালি (মানসিকভাবে) এখনো মানুষের মাথায় আছে।
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের চিত্র তুলে ধরে পার্থ বলেন, সারাদেশে আনন্দ-উৎসবের মধ্যে হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেছে।
আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে মন্তব্য করে মন্ত্রী বলেন, বাংলাদেশে ঢোকার কোনো সুযোগই নেই। পালিয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই আরম্ভ হচ্ছিল যে, এখানে হিন্দুদের ওপর অত্যাচার, ভারতীয় কিছু কিছু মোদি মিডিয়া সেগুলো সম্প্রচার করার চেষ্টা করছে। ওই ন্যারেটিভের ওপর ভিত্তি করেই তারা করছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখনো নতুন ন্যারেটিভ করছে যে, এখানে গণতন্ত্র নেই। তারা যে ১৭ বছর দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল, সেখান থেকে ফিরে আসতে আমাদের সময় লাগছে। কিন্তু এখন মানুষ ভোট দিয়েছে, আমরা নির্বাচিত হয়েছি, আমাদের বিরোধী দল আছে। আমার বিশ্বাস এই গণতন্ত্র আস্তে আস্তে আরো ইমপ্রুভ (উন্নত) করবে এবং ভালো জায়গায় চলে যাবে।
