মা হলেন সাবেক লাক্স সুন্দরী ও অভিনেত্রী নাফিজা জাহান। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সুখবরটি জানিয়েছেন নাফিজা ও তার স্বামী রাজীব হাসান। তবে সন্তান জন্মের নির্দিষ্ট তারিখ জানাননি তারা।
নাফিজার স্বামী রাজীব হাসান ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করেন। সঙ্গে লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’
নবজাতক ও তার মায়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন রাজীব। লিখেছেন, ‘আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’
অন্যদিকে, নাফিজা নিজের ফেসবুকে মেয়ের হাতের ছবি প্রকাশ করেছেন। সেখানে মেয়েকে নিজের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। তার পোস্টের পর শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
বলা দরকার, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নাফিজা। সেখানেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। গত সেপ্টেম্বর মাসে তার মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় ফেসবুকে নাফিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের ছবিও ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে স্বামী রাজীব হাসানের পাশাপাশি উপস্থিত ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ ও চিত্রনায়ক কাজী মারুফ।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নাফিজা। ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে পরিচিতি পান তিনি। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
ক্যারিয়ারের জনপ্রিয়তার মধ্যেই ২০১৩ সালের দিকে দেশ ছাড়েন নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করলেও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন তিনি। এবার কন্যাসন্তানের আগমনে তাদের সংসারে যুক্ত হলো নতুন আনন্দের অধ্যায়।
