Published on
:
2 min read
বাড়িতে সুখ-সমৃদ্ধি, আর্থিক উন্নতি ও শান্তি কামনায় কোজাগরী পূর্ণিমার দিন বেশিরভাগ বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজো করার চল রয়েছে। তবে শুধু তো পুজো করলেই হলো না। বাস্তু শাস্ত্র বলছে, বাড়িতে লক্ষ্মীর মূর্তি কোথায় রাখা হচ্ছে এবং কোন দিকে মুখ করে স্থাপন করা হচ্ছে, তাও বিশেষ গুরুত্বপূর্ণ। পুজোর ঘর তৈরি করা থেকে শুরু করে দেবী লক্ষ্মীর মূর্তির আসন, গণেশের সঙ্গে অবস্থান এবং পুজোর জায়গা পরিষ্কার রাখা— প্রতিটি বিষয়েই রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। জেনে নিন সেই সব বাস্তু নিয়ম।
কোন দিকে রাখবেন লক্ষ্মীর মূর্তি?
বাস্তুমতে, বাড়ির উত্তর-পূর্ব কোণ বা ঈশান কোণ পুজোর জন্য আদর্শ। এই জায়গায় লক্ষ্মীর মূর্তি স্থাপন করা সম্ভব না হলে, বাড়ির উত্তর বা পূর্ব দিকের কোনও পরিষ্কার বেছে নিন। মূর্তির মুখ পূর্ব বা উত্তর দিকে রাখা শুভ বলে মনে করা হয়। পূর্ব দিকে সূর্যোদয় হয়। উত্তর দিককে ধনসম্পদের অধিপতি কুবেরের দিক হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণমুখে লক্ষ্মীমূর্তি না রাখার কথাও বলা হয়। তবে বাড়ির জায়গা বা ঘরের বিন্যাসের কারণে সব নিয়ম মেনে চলা সম্ভব না হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুজোর পরিবেশ বজায় রাখার দিকে নজর দেওয়া জরুরি।
কোথায় রাখবেন না লক্ষ্মীর মূর্তি?
বাস্তুমতে, লক্ষ্মীর মূর্তি সরাসরি মেঝেতে রাখা উচিত নয়। তার বদলে কাঠের চৌকি, তাক বা মন্দিরের উঁচু আসনে মূর্তি স্থাপন করা যেতে পারে। সিঁড়ির নীচে, শৌচালয়ের দেওয়াল ঘেঁষে কিংবা অন্ধকার ও ধুলোর মধ্যে পুজোর ব্যবস্থা না করাই ভালো। শোওয়ার ঘরে পুজো করা উচিত নয়। মূল দরজার একেবারে মুখোমুখি দেবীর মূর্তি না রাখাই ভালো। পুজোর জায়গায় পর্যাপ্ত আলো, পরিচ্ছন্নতা ও শান্ত পরিবেশ বজায় রাখুন।
বসা না দাঁড়ানো লক্ষ্মীমূর্তি, কোনটি শুভ?
বাড়িতে পুজোর জন্য পদ্মের উপর উপবিষ্ট দেবী লক্ষ্মীর মূর্তি বেছে নেওয়া যেতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বসা অবস্থায় দেবীর মূর্তি স্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রতীক। ধনলক্ষ্মী, গজলক্ষ্মী কিংবা অষ্টলক্ষ্মীর মতো বিভিন্ন রূপের মূর্তিও পুজোর জন্য বেছে নেওয়া যায়। পিতল, মার্বেল ও রুপোর মূর্তি প্রচলিত। মূর্তির মুখ যেন বসে পুজো করার সময় সহজে দেখা যায়, সেই অনুযায়ী তার উচ্চতা নির্ধারণ করা ভালো।
লক্ষ্মী ও গণেশের মূর্তি কী ভাবে রাখবেন?
অনেক বাড়িতেই লক্ষ্মীর পাশাপাশি গণেশের পুজো করা হয়। বাস্তু নির্দেশিকা অনুযায়ী, পুজো করার সময় সামনে থেকে দেখলে গণেশকে বাঁ দিকে এবং লক্ষ্মীকে ডান দিকে রাখাই প্রচলিত রীতি। গণেশকে বিঘ্নহর্তা এবং লক্ষ্মীকে সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। তবে বিভিন্ন পারিবারিক ও ধর্মীয় রীতিতে মূর্তি স্থাপনের নিয়মে কিছু পার্থক্য থাকতে পারে।
পুজোর জায়গা পরিষ্কার রাখুন
দেবীর মূর্তির পাশে তেল বা ঘিয়ের প্রদীপ, ফুল এবং পুজোর প্রয়োজনীয় সামগ্রী রাখা যেতে পারে। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো, বাড়ির প্রবেশপথ পরিষ্কার রাখা এবং পুজোর জায়গায় অপ্রয়োজনীয় জিনিস জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো ও ফুল নিবেদনের জন্য বিশেষভাবে প্রচলিত দিন। বাস্তু মতে, পরিষ্কার ও আলোকিত পরিবেশ ইতিবাচকতার প্রতীক।
