ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি, এমন অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে যেসব নেতাকর্মী মামলা, হামলা ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, নতুন কমিটিতে তাদের সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তাদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সদ্যঘোষিত কমিটিতে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন, যাদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হওয়া, চাটুকারিতা ও সুবিধাবাদী ভূমিকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ২০ সদস্যের এই কমিটির ১২ জনই বিভিন্ন সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের নেতৃত্বে রাখা হলে ত্যাগী নেতাকর্মীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সমাবেশ থেকে অবিলম্বে এই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন: ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবুল, তিনবারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোজাফফর হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক কেলে।
এ ছাড়া স্থানীয় তৃণমূল বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
