কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তীব্র স্রোতে ভেসে চার পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একজন। তাঁকে উদ্ধারে অভিযান চলছে।
বুধবার বিকেলে রামু উপজেলার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুটি পৃথক দলে কয়েকজন পর্যটক সাগরে গোসল করতে নামেন। এ সময় পাঁচজন স্রোতে ভেসে যান।
পরে স্থানীয় লোকজন ও লাইফগার্ড কর্মীরা একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। একই দিন উদ্ধার করা হয় তিন পর্যটকের মরদেহ।
বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযানে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর নাম মো. হারুন (২০)। হিমছড়ির সাগর বিলাস এলাকা থেকে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন। হারুন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ জামতলা এলাকার মো. কবিরের ছেলে।
এ ঘটনায় ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২) এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে অভিযান চলছে।
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় বেড়েছে। এমন সময়ে সাগরের ঝুঁকিপূর্ণ এলাকায় গোসল না করা, সতর্কসংকেত মেনে চলা এবং লাইফগার্ডের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

