কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকা মূল্যের অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৯ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার আখাউড়া, কাজিয়াতলী, মঈনপুর, চন্ডিদার, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংকস, অরিও বিস্কুট, চকলেট, শ্যাম্পু, শাড়ি, ফেসওয়াশ, লোশন, নবরত্ন তেল, সাবান, মদ, বিয়ার, বাংলাদেশি হাইব্রিড খিরার বীজ, গরু, কুচিয়া মাছ, বাইসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
