শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা সংগঠন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নাটোরের সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি গল্প, কবিতা ও সাহিত্যবিষয়ক বই উপহার দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগারে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এসব বই উপহার দেওয়া হয়। এ সময় সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদের হাতে বইগুলো তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাদী মুহাম্মদ তামিম ও প্রধান সমন্বয়কারী নাফিস ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত, সহ-সভাপতি বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলীসহ অন্যরা।
২০১৫ সাল থেকে সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের পাশে দাড়াতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।
এ ছাড়া সংগঠনটি ‘আমার সিংড়া’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপটিতে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর এবং সিংড়ার দর্শনীয় স্থান সম্পর্কিত তথ্য যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা প্রয়োজনীয় তথ্য সহজে জানতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগার ‘জ্ঞান, প্রজ্ঞা, সত্য আলোর পথ- এই মূলমন্ত্রকে ধারণ করে জ্ঞানচর্চা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। পাঠাগারে নতুন বই সংযোজনের মাধ্যমে পাঠকদের জন্য সমৃদ্ধ পাঠপরিবেশ তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সিংড়ার শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
The post সিংড়া স্মার্ট প্রেসক্লাবে ৫০টি বই উপহার দিল সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন appeared first on Dhaka Protidin.
