
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ এবং সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার সন্ধ্যায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নাসিম হোসাইন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ক্ষেত্র। এ দেশ সবার। বিএনপি সব সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হলো, দেশের প্রতিটি নাগরিক যেন পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, পূজার দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রোধে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক থাকবেন। তারা একটি বৈষম্যহীন, সুন্দর ও শান্তিপূর্ণ সিলেট গড়ে তুলতে চান, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে পারবেন।
সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে নিñিদ্র নিরাপত্তা বজায় রাখতে তারা কাজ করছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সিলেট মহানগর বিএনপি পাশে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু ও ডা. আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ অন্য নেতারা।
সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাস, সিলেট মহানগরের সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল এবং পূজা উদযাপন পরিষদ জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
এছাড়া কোতোয়ালি থানা পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ দাসগুপ্ত বিভূ ও সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, জালালাবাদ থানার সভাপতি যুগলকৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, মোগলাবাজার থানার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, শাহপরান থানার সভাপতি বিরেশ দেবনাথ এবং দক্ষিণ সুরমা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল মালাকারসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
