মেঘনায় মা ইলিশ শিকারের অভিযোগে আটক ১০, ৭ জেলের কারাদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। তাঁদের কাছ থেকে ৪০ কেজি ইলিশ, ৩ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
রোববার দুপুরে মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এ তথ্য জানান।
তিনি বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়।
পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাত জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেন। একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাঁদের বাড়ি উপজেলার মোহনপুর, পাচানিসহ আশপাশের এলাকায়।
মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
