আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনীর হামলার সময় ট্যাংকার দুটিকে লক্ষ্যবস্তু করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানি জাহাজে সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেলবাহী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়া হলেও সরাসরি হামলার ঘটনা ঘটেনি।
এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর আওতায় ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে পাল্টা জবাব হিসেবে ইরানি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হবে।
হামলার সময় ট্যাংকার দুটি ইরানের উপকূলে মার্কিন নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় সেগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় ট্যাংকারগুলোর ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, গত কয়েক দিনে ইরানের পক্ষ থেকে ট্যাংকার ও মার্কিন সেনাদের ওপর চালানো হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে ইরান যাতে তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ট্যাংকারে হামলাকেও ওই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এক মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, মঙ্গলবার রাতে ইরানের পক্ষ থেকে প্রায় ১০০টি হামলা চালানো হয়েছে।
