প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার · ১২ অক্টোবর, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরুর আগেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে নয় দিনব্যাপী নবদুর্গা পূজা। উপজেলার ইছামতী চা-বাগানের শ্রীশ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে গতকাল রোববার সকালে দেবী দুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর পূজার মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। প্রতিদিন দেবীর একেকটি রূপের আরাধনা করবেন ভক্তরা। প্রথম দিন থেকেই পূজা দেখতে মন্দিরে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।
মন্দিরে গিয়ে দেখা যায়, মণ্ডপে সারিবদ্ধভাবে রাখা হয়েছে দেবী দুর্গার নয়টি রূপের প্রতিমা। মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যে মুখর মন্দির প্রাঙ্গণে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। নিজেদের, পরিবারের ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন তাঁরা।
শাস্ত্রীয় বিধান অনুসারে, নবদুর্গা পূজায় দেবীর নয়টি রূপ শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়। সাধারণ দুর্গাপূজায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে আনুষ্ঠানিকতা চলে, নবদুর্গা পূজায় প্রতিপদ থেকে নবমী পর্যন্ত প্রতিদিন দেবীর আলাদা রূপের পূজা করা হয়।
পরিবার নিয়ে পূজা দেখতে আসা শ্রাবণী তালুকদার বলেন, মঙ্গলচণ্ডী মন্দিরের নবদুর্গা পূজা ব্যতিক্রমধর্মী। এখানে দেবীর নয়টি রূপের পূজা হয়। অনেক বছর ধরে এ আয়োজন চলে আসছে। এবারই প্রথম পরিবারের সদস্যদের নিয়ে পূজা দেখতে এসেছেন তিনি। দেবীর কাছে সবার সুখ-শান্তি ও মঙ্গল কামনা করেন তিনি।
ঢাকা থেকে আসা ঋষিকা সাহা বলেন, নবদুর্গা পূজার কথা আগে শুনেছেন, কিন্তু সরাসরি দেখা হয়নি। এবার প্রথমবারের মতো এ পূজা দেখতে এসেছেন। তাঁর কাছে আয়োজনটি ভালো লেগেছে। দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি সাম্প্রদায়িকতামুক্ত সমাজের প্রত্যাশার কথাও জানান তিনি।
নিয়মিত পূজা দেখতে আসেন অর্না দেবনাথ বলেন, সাধারণত দুর্গাপূজা ষষ্ঠী থেকে শুরু হলেও মঙ্গলচণ্ডী মন্দিরে মহালয়ার পরদিন থেকেই নবদুর্গা পূজা শুরু হয়। এ কারণে পূজাটি তাঁদের কাছে বিশেষ আকর্ষণের। পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসে দেবীর কাছে প্রার্থনা করেন তারা।
মন্দিরের পুরোহিত দীপংকর ভট্টাচার্য্য বলেন, নবদুর্গা পূজায় প্রতিদিন দেবীর ভিন্ন ভিন্ন রূপের আরাধনা করা হয়। বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে জগতের কল্যাণ সাধন করেন। নয়টি রূপের পূজার মধ্য দিয়ে ভক্তরা সবার মঙ্গল কামনা করেন।
শ্রীশ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রম নবরূপে নবদুর্গা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি স্বাধীন চাষা বলেন, এবার মঙ্গলচণ্ডী মন্দিরে নবদুর্গা পূজার ১৬তম আয়োজন হচ্ছে। ২০১০ সাল থেকে নিয়মিত এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। শারদীয় দুর্গোৎসবের মূল আয়োজন শুরুর আগেই এখানে নবদুর্গা পূজা শুরু হয়।
স্বাধীন চাষা আরও বলেন, মঙ্গলচণ্ডী মন্দিরের ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। সভাপতি পরিমল ভূমিকার উদ্যোগ ও সহযোগিতায় দীর্ঘদিন ধরে পূজার আয়োজন চলছে। ভবিষ্যতেও এ ঐতিহ্য ধরে রাখতে চান তারা। নবদুর্গা পূজা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে এসে পূজায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।
স্থানীয়দের মধ্যে প্রচলিত ধারণা রয়েছে, শ্রীমঙ্গল নামের উৎপত্তির সঙ্গে শ্রীশ্রী মঙ্গলচণ্ডী মন্দিরের সম্পর্ক রয়েছে। স্থানীয়ভাবে প্রাচীন ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত এ মন্দিরে প্রতিবছর নবদুর্গা পূজার আয়োজন করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ অক্টোবর দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের নবদুর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
গুগলে আমাদের খবর পেতে
