সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে সাড়ে চারশ কোটি টাকার উপরে অর্থ পাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারের ২২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায়ে অর্থপাচারের দায়ে আসামিদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড ও অপরাধ সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুন ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে আসামিরা ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে তাদের নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির করা হয়েছে। দুদক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম সাজার তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অভিযোগ— আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। মামলার তদন্ত শেষে দুই জনকে অভিযুক্ত করে গত বছরের ২৫ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন জালাল উদ্দিন আহাম্মদ।
গত ৬ অগাস্ট আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি।
