গাজীপুরের শ্রীপুর রেলগেট এলাকায় গাড়ির ধাক্কায় সিদ্দিকুর রহমান নামের এক সাবেক ব্যবসায়ী ও বিএনপি নেতা নিহত হয়েছেন।
আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত গাড়িটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত সিদ্দিকুর রহমান নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের সাবেক ব্যবসায়ী ছিলেন। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্রীপুর রেলগেট এলাকায় নাশতা শেষে সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান। এ সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর শ্রীপুর থানা-পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক ইউসুফকে (৫৭) আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। গাড়িটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
The post শ্রীপুর রেলগেটে গাড়ির ধাক্কায় সাবেক বিএনপি নেতা নিহত, চালক আটক appeared first on Dhaka Protidin.
