শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে রংপুর দিয়ে প্রধানমন্ত্রীর এই সফর শুরু হবে। এরপর তিনি রাজশাহী হয়ে চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন তিনি।
এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে ঢাকায় ফিরবেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করছেন। সফরকালে তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এর আগে রোববার রাতে ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।
