রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর নির্বাচনের লক্ষ্যে দলটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।
সম্মেলনে বক্তারা নেতৃত্ব নির্বাচন এবং মহানগরীর সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। এ সময় দায়িত্বশীল সদস্যদের যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মানোন্নয়ন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্বশীলদের কাজ করতে হবে এবং মানুষের আচরণে ঈমানের প্রতিফলন ঘটাতে হবে। দায়িত্বশীলদের বিনয়ী, নম্র ও উদার হওয়ার আহ্বান জানিয়ে তাঁরা উল্লেখ করেন যে, ইসলামের বিজয় মূলত বিনয়ের মাধ্যমেই অর্জিত হয়।
সম্মেলনে জানানো হয়, রাজশাহী মহানগরীর অন্তর্ভুক্ত সাধারণ সদস্যদের সরাসরি গোপন ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মহানগর জামায়াতের নতুন আমীর নির্বাচিত হবেন।
জেএইচআর
