রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। পরে তার চিৎকারে পাশের মসজিদের ইমাম মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন।
এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।
স্থানীয়দের ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে তাদের আটক করা হয়।
সেখানে গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে গঙ্গাচড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের দায়িত্ব নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।
বিআলো/আমিনা