ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই গুদাম ও দোকানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাজারের ব্যবসায়ী কাসেদ মণ্ডল জানান, রাত ৮টার দিকে একটি পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে যায়। এতে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পাট ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পাটের গুদাম ও দোকানগুলো পুড়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করা হচ্ছে।
