যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন রেকর্ড পরিমাণ কমে ৩১ শতাংশে নেমেছে, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। খবর বিডিনিউজের।
জ্বালানির দাম বাড়া নিয়ে উদ্বেগের মধ্যে ভোটাররা মধ্যবর্তী নির্বাচনে তার দল রিপাবলিকান পার্টির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন বলে আভাস পাওয়া গেছে রয়টার্স/ইপসোসের জরিপে। সোমবার শেষ হওয়া চারদিনের জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের মাত্র ৩১ শতাংশ বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজে তারা সন্তুষ্ট। দুই সপ্তাহ আগের তুলনায় এ হার ১ শতাংশ পয়েন্ট কমেছে। ট্রাম্প দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ে এটিই তার জনসমর্থনের সর্বনিম্ন হার। জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল, আজ কংগ্রেস নির্বাচসে ভোটগ্রহণ হলে কোন দলকে ভোট দেবেন? এ প্রশ্নের জবাবে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৫ শতাংশ। দুই দলের মধ্যে ব্যবধান ১২ শতাংশ পয়েন্ট, যা চলতি নির্বাচনী চক্রে সর্বোচ্চ।
এতে প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সম্ভাবনা বাড়তে পারে। কংগ্রেসের যে কোনও একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে।
দু’সপ্তাহ আগের জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ সমর্থন নিয়ে রিপাবলিকানদের চেয়ে ৭ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। তখন রিপাবলিকানদের সমর্থন ছিল ৩৭ শতাংশ। রিপাবলিকান প্রার্থীদের জনসমর্থন কমার পেছনে নারী ভোটারদের মনোভাব পরিবর্তন বড় ভূমিকা রেখেছে। জরিপে নারী ভোটারদের ৫০ শতাংশই ডেমোক্র্যাটদের ভোট দেবেন বলে জানিয়েছেন।

