‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি রোধ করা সম্ভব না হলেও সময়োপযোগী প্রস্তুতি, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা যেকোনো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে উদ্ধার কৌশল প্রয়োগের আহ্বান জানান তারা।
আলোচনা পর্ব শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন আত্মরক্ষা, আগুন নিয়ন্ত্রণ ও প্রাথমিক উদ্ধারকাজের বিভিন্ন কৌশল বাস্তবে প্রদর্শন করেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্যাডেট ও স্কাউট সদস্যরা অংশ নেন।
জেএইচআর
