নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবীর (২২) নামে এক সৌদি আরবপ্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা এনামুল মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা এনামুল মিয়ার সঙ্গে স্থানীয় প্রভাবশালী বকুল মিয়ার ১০ শতাংশ কৃষিজমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
মঙ্গলবার বকুল মিয়ার লোকজন এনামুল মিয়ার বাড়িতে গিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে ও তার ছেলে আবীরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় আবীর ঘুমিয়ে ছিলেন। ছেলেকে বাঁচাতে গিয়ে এনামুল মিয়াও হামলার শিকার হন।
পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মঙ্গলবার রাত ৮টার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবীরের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে। এখনো মামলার অভিযোগ পাওয়া যায়নি।