মডেল ও অভিনেত্রী ফ্লাভিয়া ইসলাম। আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে চান। গত আট বছরের অভিজ্ঞতা, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও সৃজনশীল শিল্পচর্চায় যুক্ত ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।
মডেলিং ও অভিনয়ের পাশাপাশি ইভেন্ট হোস্টিং, ডিজে পারফরম্যান্সসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহ রয়েছে তার। নিজেকে আন্তর্জাতিক মানের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অভিনয়শিল্পী হিসেবেও পরিচিতি বাড়াতে চান তিনি।
মিডিয়া অঙ্গনে নিজের যাত্রাকে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন ফ্লাভিয়া। ২০২২ সালে ‘মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। এরপর ২০২৫ সালে অর্জন করেন ‘বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৫’।
ছোটবেলা থেকেই বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ছিল তার। বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছেন। বাফা থেকে নৃত্যশিক্ষা নিয়েছেন ফ্লাভিয়া। চিত্রকলায়ও রয়েছে তার প্রশিক্ষণ ও সার্টিফিকেশন। দীপ্ত টিভিতে প্রচারিত ওয়েব সিরিজ ‘দ্য ক্রিমিনালস’-এ অভিনয় করেছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিয়মিত কাজ করে নিজের দক্ষতা আরও বিকশিত করতে চান এ তরুণী।
তবে তার পথচলা সব সময় সহজ ছিল না। গত আট বছরে নানা বাধা ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবু লক্ষ্য থেকে সরে দাঁড়াননি ফ্লাভিয়া। তার বিশ্বাস, প্রতিভার পাশাপাশি পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফ্লাভিয়া বলেন, ‘আমি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। একই সঙ্গে আন্তর্জাতিক মডেলিং জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে চাই।’
