ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তীরবর্তী কৃষিজমির বিলীন হচ্ছে দিনদিন। আর এই বিলীন ঠেকাতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মূলত নরসিংদীর রায়পুরা উপজেলার বালুখেকো একটি চক্র ইজারা ছাড়াই অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনে নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করলেও রাতের আঁধারে তীরবর্তী অংশ থেকে বালু উত্তোলন করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজী প্রমুখ।
বক্তারা বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার একাধিক বালুখেকো চক্র রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে ধরাভাঙ্গা গ্রামের নদীর তীরবর্তী কৃষিজমিগুলো বিলীন হয়ে যাচ্ছে। নদীগর্ভে কৃষিজমি হারিয়ে গ্রামের সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছেন। অনেক কৃষক নিজের জমি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বালুখেকোদে প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মো. জুয়েল রহমান/এমটিআই
