Published on
:
2 min read
একটা সময় ছুটি কাটানোর অর্থ ছিল দৈনন্দিন রুটিন থেকে দূরে গিয়ে একটু মানসিক শান্তি খোঁজা। নতুন কোনও জায়গার সন্ধান পেলে তার ইতিহাস, সংস্কৃতি জানা কিংবা সমুদ্র সৈকতে অলস দুপুর কাটানো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দম্পতিদের ভ্রমণের উদ্দেশ্য বদলে গিয়েছে। হানিমুন হোক কিংবা বিবাহবার্ষিকী—স্মৃতিগুলো চিরতরে ক্যামেরাবন্দি করে রাখতে এখন নতুন এক ট্রেন্ড বিশ্ব জুড়ে আলোড়ন ফেলেছে, যার নাম ‘পোজ়-কেশন’।
সহজ কথায় বললে, পোজ়-কেশন হলো এমন ছুটি, যা পরিকল্পনা করা হয় মূলত একটি প্রফেশনাল ফোটোশুটকে কেন্দ্র করে। যেখানে গন্তব্যস্থলটি হয়ে ওঠে ব্যাকগ্রাউন্ড আর ছবিগুলোই হয়ে ওঠে ভ্রমণের সেরা স্যুভেনিয়র। শুধু তাই নয়, বিশেষ ধরনের এই ট্রেন্ডে গা ভাসাতে আলাদা করে বাজেটও বরাদ্দ করছেন এই প্রজন্মের তরুণ-তরুণীরা। অর্থাৎ রবি ঠাকুরের লেখা, ‘তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা...’ কথাটির তাৎপর্য এ ক্ষেত্রে খাটে না।
কেন বাড়ছে ‘পোজ়-কেশন’-এর জনপ্রিয়তা?
ট্রাভেল প্ল্যাটফর্ম ‘Pickyourtrail’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হরি গণপতি জানিয়েছেন, তাঁদের প্ল্যাটফর্মে ফোটোশুট-কেন্দ্রিক ছুটির খোঁজ প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। বিশেষ করে হানিমুন, অ্যানিভার্সারি কিংবা বেবিমুনের মতো বিশেষ মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে দম্পতিরা এখন এই ধরনের ট্যুর প্যাকেজে বেশি আগ্রহ দেখাচ্ছেন। এই ট্রেন্ডের ক্ষেত্রে ভারতের কাছে সবচেয়ে জনপ্রিয় ও হট ফেভারিট গন্তব্য হলো থাইল্যান্ড।
খরচ কেমন?
‘পোজ়-কেশন’-এর নাম শুনে ধারণা হতে পারে বিদেশ ভ্রমণ মানেই বিরাট খরচ। কিন্তু ট্রাভেল বিশেষজ্ঞরা বলছেন, দেশে কোনও প্রি-ওয়েডিং বা কাপল ফোটোশুট করতে যে খরচ হয়, তার চেয়ে অনেক সময় থাইল্যান্ডে ‘পোজ়-কেশন’ প্যাকেজের খরচ তুলনামূলক ভাবে কম। হরি গণপতির দেওয়া তথ্য অনুযায়ী, ভারত থেকে যাতায়াত, থাকা-খাওয়া এবং ফোটোগ্রাফার মিলিয়ে একটি কাপল ফোটোশুটে সাধারণত ১.২৫ থেকে ১.৫০ লক্ষ টাকা খরচ হয়ে যায়। অথচ থাইল্যান্ডে ‘পোজ়-কেশন’-এর প্যাকেজ শুরু হয় জনপ্রতি ৫০,০০০ বা ৫৫,০০০ টাকা থেকে (অর্থাৎ প্রতি দম্পতির জন্য প্রায় ১ থেকে ১.১ লক্ষ টাকা)।
কোন জায়গাগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়?
থাইল্যান্ডে পোজ়-কেশনের জন্য কাপলদের প্রথম পছন্দের জায়গা হলো ফুকেটের প্রমথেপ কেপ এবং আও সান বিচ। এ ছাড়া ব্যাঙ্কক বা ফুকেট-ক্রাবি আইল্যান্ডও ফোটোশুটের জন্য বেশ জনপ্রিয়।