ফ্রি ট্রান্সফারের সুবিধায় লা লিগার ক্লাব গেতাফেতে যোগ দিয়েছেন ডানি কারভাহাল। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
৩৪ বছর বয়সী এই রাইট-ব্যাক গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন। বর্তমানে লা লিগায় ১৪তম স্থানে থাকা গেতাফের সঙ্গে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন কারভাহাল। স্পেনের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলারের গেতাফেতে যোগ দেওয়ার বিষয়টি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ আলোচনায় ছিল। ক্লাবটির সভাপতি অ্যাঞ্জেল তোরেসও জানিয়েছিলেন, কারভাহালকে দলে ভেড়ানোর বিষয়ে তারা কাজ করছেন।
কারভাহাল রিয়াল মাদ্রিদের যুব একাডেমির খেলোয়াড়। ২০১২-১৩ মৌসুমে বায়ার লেভারকুসেনে এক বছর কাটানো ছাড়া পুরো ক্যারিয়ারেই তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে ছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২৭টি শিরোপা জিতেছেন কারভাহাল। এ ছাড়া স্পেনের হয়ে ইউরো ২০২৪-এর শিরোপাও জিতেছেন তিনি।
