নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সদর থানার এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
ওসি আরও জানান, পরে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তারা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
