মহিলাদের উদ্দেশে কটূক্তি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম হাজরার জামাইয়ের বিরুদ্ধে। ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনাকে কেন্দ্র থমথমে গঙ্গাসাগর।
আক্রান্ত ব্যক্তি স্বপন প্রধান। তিনি সাগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই। অভিযোগ, স্বপনবাবু একসময় সরকারি ক্ষমতার অপব্যবহার করে নানা অপরাধমূলক কাজ করেছে। বহু জমি, ভেড়ি দখল করে নিয়েছেন। মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন বলেই অভিযোগ। তাঁদের কটূক্তি করা এবং প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলেই দাবি মহিলাদের।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে গা ঢাকা দেন স্বপন। রবিবার এলাকায় ফেরেন। তাঁকে দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। স্বপনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। ক্ষোভের বশে শুরু হয় স্বপনকে মারধর। চড়, থাপ্পড় মারা হয় তাঁকে। বিজেপি নেতা রাজু মণ্ডলের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার করতেন স্বপন। বেআইনিভাবে গরিব মানুষের জমি, বাড়ি দখল করতেন। ছাব্বিশের নির্বাচনে কটূক্তি এবং তাঁদের খুন করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মারধরের ভিডিও। এই ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। স্বপনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বপনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রাক্তন মন্ত্রীর জামাইয়ের কঠোর শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি প্রাক্তন মন্ত্রী কিংবা তাঁর পরিবারের কেউ।
