‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক সহসভাপতি মো. হায়দার রশিদ সোনা ও স্থানীয় ক্যাব সভাপতি সাংবাদিক আব্দুল মজিদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. শামসুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পারিবারিক সচেতনতা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিশেষ করে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত অগ্নিনির্বাপণ কৌশল ও মহড়ার জ্ঞান বড় ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি।
আলোচনা পর্ব শেষে দুর্যোগকালীন আত্মরক্ষা, তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা ও আগুন নিয়ন্ত্রণের নানা কৌশল নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় এক সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।
জেএইচআর
