ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আলী ইটভাটার পাশের ধানক্ষেত থেকে জ্যোতিষ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের সাতঘরিয়া এলাকায় ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জ্যোতিষ চন্দ্র পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্র ওরফে বঙ্গের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইটভাটার পাশে ধানক্ষেতের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ ঘটনায় আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে স্থানীয়রা নিহতের পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। পরে তাঁর পরনের প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের পরিচয় জানা গেলেও জ্যোতিষ চন্দ্রের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট যৌথভাবে কাজ শুরু করেছে। মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএ
