গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু খেলার উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ ঘিরে মানিকগঞ্জের ঘিওরে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। ধুলোমাখা মাঠে খেলোয়াড়দের দম ধরে রাখার লড়াই, ক্ষিপ্রতা ও টানটান উত্তেজনায় ফিরে আসে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেওভোগ, বীরসিংজুরী, রুহন্ডী ও সিংজুরী গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে আশপাশের গ্রাম থেকে সব বয়সী মানুষ মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। খেলোয়াড়দের ক্ষিপ্রতা, বুদ্ধিমত্তা এবং আক্রমণ-পাল্টা আক্রমণের কৌশল দেখে দর্শকের মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ফাইনালে মুখোমুখি হয় সিংজুরী ইউনিয়নের ‘কামারজাগী ভোরের আলো যুব সংঘ’ ও পয়লা ইউনিয়নের ‘বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব’। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় পায় কামারজাগী ভোরের আলো যুব সংঘ।
সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির। খেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. শাহানুর রহমানের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মো. জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শওকত আলী খান, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির বলেন, "মোবাইল ও প্রযুক্তির মাত্রাতিরিক্ত আসক্তি থেকে নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতে হাডুডুর মতো ঐতিহ্যবাহী দেশীয় খেলার কোনো বিকল্প নেই। হারিয়ে যেতে বসা এসব খেলাধুলার পুনরুজ্জীবন ঘটাতে এই ধরণের আয়োজন অব্যাহত রাখতে হবে।"
বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রাণবন্ত এ আয়োজনের সমাপ্তি ঘটে।
এমএ
