শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ভারতীয় উপ-হাইকমিশনার মণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সুসংগঠিত আয়োজনের প্রশংসা করেন।
পূজামণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, অমল পোদ্দার (সিআইপি), পানাম গ্রুপের চেয়ারম্যান প্রীতি পোদ্দার, পরিচালক অনিক পোদ্দার, সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) এবং অমল পোদ্দারের সহোদর ভাই অন্তু পোদ্দার, বিমল পোদ্দারসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপ্পি পোদ্দার।
পূজামণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার জানান, উপ-হাইকমিশনারের আগমন উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, ভারতীয় উপ-হাইকমিশনারের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য পূজামণ্ডপ ও তার আশপাশের এলাকায় দায়িত্ব পালন করেন। তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, এটি ভারতীয় উপ-হাইকমিশনারের কোনো সরকারি আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিবারসহ পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন।
জেএইচআর
