কালবেলা · আন্তর্জাতিক
সৌদিতে হামলার দৃশ্য ধারণ করায় মার্কিন নাগরিকদের আটক
১৩/১০/২০২৬

সৌদি আরবে সাম্প্রতিক হামলা ও এর প্রভাবের ছবি তোলার ঘটনায় কয়েকজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক প্রাণঘাতী হামলায় সৌদি আরবের বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।
সোমবার এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, ‘সাম্প্রতিক ঘটনাবলির ছবি তোলার কারণে মার্কিন নাগরিকদের আটক করা হয়েছে।’ তবে কতজনকে আটক করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ঘটনা এবং সেগুলোর আঘাতস্থল নিয়ে ভিডিও ধারণ, ছবি তোলা, প্রকাশ কিংবা তথ্য আদান-প্রদানের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে। এসব কর্মকাণ্ডের কারণে আইনি জটিলতায় পড়তে হতে পারে।
এদিকে সৌদি আরবের যে কোনো বিমানবন্দর ব্যবহারের আগে দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের দূতাবাসের বিশেষ অনুমতি নিতে হবে বলেও জানিয়েছে মার্কিন মিশন।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমোদন প্রয়োজন। একই সঙ্গে সৌদি বিমানবন্দর ব্যবহার করার সিদ্ধান্ত নিলে মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।
সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের বিমানবন্দরে হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শনিবারের হামলাতেই নিহত হন ১৩ জন। এ ছাড়া আহত হয়েছেন কয়েক শ মানুষ। মঙ্গলবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলায় দুজন নিহত হন।
সূত্র : আরব নিউজ
মূল প্রতিবেদনে যান ↗