দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। পরোক্ষ প্রভাব কলকাতায়। তার জেরে চতুর্থীর কলকাতায় বৃষ্টি। বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবারর প্রথম সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবারেও উপকূল জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস।
আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। সেই পূর্বাভাস সত্যি করে হালকা বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতার একাংশে। বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত আকাশ মেঘলাই থাকবে। কলকাতায় বুধবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে, দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এ ছাড়াও হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে ফের শুষ্ক হবে আবহাওয়া। তাপমাত্রা ক্রমশ কমবে। অষ্টমীর থেকে পশ্চিমের জেলাগুলিতে হেমন্তের আবহাওয়া ফিরবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক। আকাশ পরিষ্কার থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্র ও শনিবার দুয়েক জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উপরের জেলাগুলিতে ষষ্ঠী, প্রথম সপ্তমী শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে। আকাশ পরিষ্কার হবে।
