শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ১
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আলম শেখের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বাড়ি রাজধানীর রূপনগর এলাকায়।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ ঘটনায় একজনকে আটকের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘ঘটনার যে মূলহোতা, তাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা হবে।’
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সন্দেহ হয়, তিনি শিশু চুরির উদ্দেশ্যে হাসপাতালে এসেছেন।
পরে তারা আলম শেখের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান। তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গেছে। একপর্যায়ে কয়েকজন তাকে শিশু চোর সন্দেহে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ যাচাই করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, আলম শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…