রাঙামাটির বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাঘাইহাট জোনের পক্ষ থেকে স্থানীয় তিনটি পূজা মণ্ডপের পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
একই সঙ্গে সেনাসদস্যরা বাঘাইহাট শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, মাসালং যিশু খ্রিষ্টান মন্দির এবং করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দিরের আসন্ন পূজা উদযাপনের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাঘাইহাট জোনের টু-আইসি মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি, মেজর নাহিদ বিন হাফিজ এবং ক্যাপ্টেন কে এম সালাউদ্দিন মূসা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা তদারকিতে গভীর সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসবে সেনাসদস্যদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। তাঁদের এই আমন্ত্রণের ধারাবাহিকতা ও উৎসব উদ্যাপনে সহায়তা হিসেবে বাঘাইহাট জোনের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় রাখতে সেনাবাহিনীর এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত ও ইতিবাচক সাড়া ফেলেছে।
বাঘাইহাট জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে
জেএইচআর
