আবুধাবি থেকে ফিরছিলেন বাঁশখালীর মোহাম্মদ কামরুল ইসলাম। সঙ্গে ছিল কড়াই, ব্লেন্ডার আর বাসন রাখার র্যাক। বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশি করতে গিয়ে তার এসব সরঞ্জামে মিলল ৫৬৬ গ্রাম স্বর্ণ, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
রবিবার ভোর সাড়ে ৬টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কামরুল। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানায়, কাস্টমস হলে ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় কামরুলকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়। পরে বিমানবন্দরে দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থাগুলোর তত্ত্বাবধানে তাঁর ব্যাগেজ তল্লাশি করা হয়।
এ সময় নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি কাটার যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
The post কড়াই ব্লেন্ডার বাসনের র্যাকে মিলল কোটি টাকার স্বর্ণ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
