উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেফতার তার চাচাতো নাতি রাব্বিকে (২২) সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুর থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঘাতককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন এবং সেখানেই রাতে হত্যার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার চাচাতো নাতি রাব্বির বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে সঙ্গে নিয়ে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরে যায়। সেখানে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, "হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে অভিযুক্ত চাচাতো নাতিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।"
এদিকে বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
