হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সালাম বাবুর ফেসবুকে দেওয়া এক হুঁশিয়ারিমূলক স্ট্যাটাসকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় সংরক্ষণ করে রাখার কথা উল্লেখ করে তাদের অবসরের পরও শান্তিতে বাড়ি ফিরতে না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে আতাউস সালাম বাবু দাবি করেন, শনিবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার তাকে পুনরায় গ্রেপ্তার করতে তার বাড়িতে যান। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরই সিরাজ নামে একজনের গ্রেপ্তারের খবর শুনেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাল্লাহ।’
পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমরা আরও কয়েকবার জেল মেনে নিয়েই রাজনীতি করছি। সবাই দোয়া করবেন আমার জন্য।’
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এমন বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ এটিকে পুলিশের প্রতি হুঁশিয়ারি হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বক্তব্যের ভাষা ও এর সম্ভাব্য পরিণতি নিয়ে প্রশ্ন তুলছেন।
তবে বাবুর স্ট্যাটাসে উল্লিখিত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা এবং সিরাজের গ্রেপ্তারের বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
