কালবেলা · সাধারণ
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, আটক ১৫
১২/১০/২০২৬

শরীয়তপুরের জাজিরায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অভিযোগে পৃথক দুটি অভিযানে ১৫ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মাঝিরঘাট নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিনভর অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ১৩ জেলেকে আটক করে মাঝিরঘাট নৌ পুলিশ। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত ট্রলার ও প্রায় ৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা ট্রলারগুলোর বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, নৌ পুলিশ, উপজেলা মৎস্য কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত পৃথক যৌথ অভিযানে আরও দুই জেলেকে আটক করা হয়। পরে জাজিরার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস বলেন, ‘দিনব্যাপী অভিযানে আটক ১৩ জেলের মধ্যে ১০ জনের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় এবং তিনজনের বিরুদ্ধে জাজিরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া পৃথক যৌথ অভিযানে আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর এ সময়ে নিষেধাজ্ঞা জারি করে সরকার।
মূল প্রতিবেদনে যান ↗