টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি! এদিন মুম্বইয়ের জুহুতে তিনজন অজ্ঞাত পরিচয় ৩ ব্যক্তি বাইকে চেপে আসেন এবং পুষ্পা পার্কে প্রকাশ্যে গুলি চালান। তারপরই রটে যায় অভিনেতা সহ আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন। কিন্তু বাস্তবে কী ঘটেছে? কেমন আছেন এখন অভিনেতা?
পুষ্পা পার্কে ৩ ব্যক্তি এসে সত্যিই প্রকাশ্যে গুলি চালিয়েছেন। কিন্তু প্রাথমিক ভাবে যে খবর রটেছিল যে টাইগার শ্রফ আহত হয়েছেন এতে, সেটা সত্যি নয়। তিনি নিরাপদ আছেন, কোনও আঘাত লাগেনি তাঁর এই গোটা ঘটনায়। আর এই বার্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে। তবে বাকি দুই ব্যক্তি সত্যিই আহত হয়েছেন।
সূত্রের তরফে জানা গিয়েছে, টাইগার শ্রফের ড্রাইভার এবং এক অটোচালক আহত হয়েছেন। কিন্তু কেন এভাবে আক্রমণ করা হল টাইগার শ্রফকে? লরেন্স বিষ্ণোইয়ের গ্রুপের হ্যারি বক্সার অতীতে অভিনেতাকে হুমকি দিয়েছিলেন। তারপরই ঘটল এই ঘটনা। তবে মূল উদ্দেশ্য এখনও অজানা। হ্যারি বক্সারই এই আক্রমণ করেছেন না অন্য কেউ সেটা এখনও স্পষ্ট না। পুষ্পা পার্কে এভাবে প্রকাশ্যে গুলি চালানোর পর স্বাভাবিক ভাবেই হইচই পড়ে গিয়েছে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টার তদন্ত শুরু করে দিয়েছে।
তবে এটাই প্রথম না, অতীতেও ঘটেছে এমন ঘটনা।সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। সেই ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয় ভাইজানের বাড়ির। এমনকী গোটা ঘটনায় ধরপাকড় চালায় পুলিশ, গ্রেফতার করে একাধিক ব্যক্তিকে। ২০২৪ সালের সেই ঘটনার পর, এদিন টাইগার শ্রফের উপর করা হল আক্রমণ। যদিও গোটা ঘটনায় এখনও অভিনেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, টাইগার শ্রফ বলিউডের অতি পরিচিত মুখ। 'হিরোপান্তি' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। কাজ করেছেন একের পর এক ছবিতে। তিনি তাঁর অভিনয়ের পাশাপাশি অ্যাকশন এবং ডান্স স্কিল দিয়ে মন জয় করেছেন দর্শকদের। অভিনেতাকে শেষবার 'বাঘি ৪' ছবিতে দেখা গিয়েছিল। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পেয়েছিল ছবিটি। তাঁর সঙ্গে 'বাঘি ৪' -এ ছিলেন হারনাজ সান্ধু, সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত, প্রমুখ।
https://youtu.be/FAZCMeBQx8Q?si=kTzN-J7o1kg0IOd_
