কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের ২০৫৯ নম্বর প্রধান পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরেই আটক দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
তবে ওই দুই পুলিশ সদস্য ঠিক কী পরিস্থিতিতে ভারতের সীমানায় ঢুকে পড়েছিলেন এবং কীভাবে বিএসএফের হাতে আটক হন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
