নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরদিন সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার বিকেলে শিশুটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বারদী মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই মাদ্রাসার ছাত্র ৯ বছরের এক শিশুকে বলাৎকার করেন শিক্ষক মোশাহিদুল ইসলাম। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন করার মাধ্যমে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী শিশুর পরিবার।
