সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ২০ বোতল বিদেশি মদ ও একটি ইজিবাইকসহ মো. খোকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার তছিমের ডালা ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল খালিকের ছেলে।
এসআরবি-৯ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তছিমের ডালা ব্রিজ এলাকায় অভিযান চালায় ব্যাটালিয়নের সুনামগঞ্জের একটি আভিযানিক দল। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে খোকন মিয়া ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
তল্লাশি করে তার ইজিবাইকে রাখা দুটি পাটের বস্তা থেকে রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।
এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর অভিযান অব্যাহত থাকবে।
