বর্তমান সরকারের মেয়াদেই স্থানান্তরের লক্ষ্য • পুরোনো ভবন, স্থান সংকট ও ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয় রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রাথমিক যাচাই-বাছাই করা হয়েছে।
মন্ত্রী জানান, সচিবালয়ে জায়গার সংকটের কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। অন্যদিকে, বর্তমান সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও নতুন করে বিবেচনায় নেওয়া হচ্ছে।
এসব বিষয় বিবেচনা করে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে বর্তমান সচিবালয় এলাকায় আরও একটি ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী ওই প্রস্তাবের পরিবর্তে আগারগাঁওয়ে সচিবালয় নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় চার মাস ধরে পরিকল্পনা ও পর্যালোচনার পর আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব সামনে এসেছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভার অনুমোদনের পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

